নেত্রকোনার মদন উপজেলায় পৈতৃক ও হেবা দলিলমূলে পাওয়া ৪০ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে জোরপূর্বক দখলচেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি জমি নিয়ে বিরোধের জেরে বাদীর স্ত্রী মর্জিনা আক্তারকে মারধরের অভিযোগে আদালতে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মদন উপজেলার ৪ নম্বর গোবিন্দশ্রী ইউনিয়নের বাসিন্দা মৃত শামসুদ্দিনের তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন। ২০১১ সালের ১৮ অক্টোবর শামসুদ্দিন তাঁর তিন ছেলে মো. মিলন মিয়া, সাদেক মিয়া ও হবু মিয়াকে রেজিস্ট্রিকৃত হেবা বণ্টন দলিলের মাধ্যমে সম্পত্তি বণ্টন করে দেন। এর আগে ২০১০-২০১১ অর্থবছরে শামসুদ্দিনের নামে সংশ্লিষ্ট জমির নামজারি (জমাখারিজ নং-২৫১/৯-১) সম্পন্ন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভুক্তভোগী মো. মিলন মিয়া জানান, সিএস খতিয়ান নং-৪৬২, এসএ খতিয়ান নং-৬৮৯ এবং খারিজ খতিয়ান নং-১৮২৮-এর অন্তর্ভুক্ত ২৫৩৯ ও ২৫৪০ নম্বর দাগের মোট ৪০ শতাংশ কান্দা শ্রেণির জমি তাঁরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। এর মধ্যে ১০ শতাংশ জমিতে থাকা পুকুরে মাছ চাষ করেন এবং বাকি ৩০ শতাংশ জমিতে সারা বছর শাকসবজি উৎপাদন ও ধানের বীজতলা (বিছরা) তৈরি করে জীবিকা নির্বাহ করেন।
মিলন মিয়ার অভিযোগ, সম্প্রতি একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে আ. কুদ্দুছ (৫৫), মৃত কালার বাপের ছেলে সুরজ আলী (৬৫) এবং মৃত সিরাজ আলীর দুই ছেলে চন্দন (৪৫) ও মন্নাফ (৩৫) পেশিশক্তি ব্যবহার করে তাঁদের ভোগদখলীয় ওই ৪০ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এ সময় তাঁরা জমিতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং জমির দখল ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় প্রতিকার চেয়ে মো. মিলন মিয়া বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে নেত্রকোনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা (দরখাস্ত নং-০১/২০২৬) দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে মদন উপজেলা ভূমি অফিসের মাধ্যমে নালিশি জমি সরেজমিনে তদন্ত করা হয়। উপজেলা ভূমি অফিসের ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি পত্রে তদন্ত প্রতিবেদনটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানোর বিষয়টি উল্লেখ রয়েছে।
এদিকে, জমি নিয়ে বিরোধের জেরে মিলন মিয়ার স্ত্রী মর্জিনা আক্তারকে মারধরের অভিযোগও উঠেছে। এ ঘটনায় মর্জিনা আক্তার বাদী হয়ে আদালতে পৃথক মামলা দায়ের করেছেন। তাঁর দায়ের করা মামলার কাগজপত্রে ঘটনার তারিখ ২৪ জুন ২০২৬ উল্লেখ রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও থানা-পুলিশের মাধ্যমে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
ভুক্তভোগী মো. মিলন মিয়া বলেন, “কাগজপত্র ও দীর্ঘদিনের ভোগদখলসূত্রে আমরা এই জমির বৈধ মালিক বলে দাবি করছি। জমিটি আমাদের পরিবারের জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বন। কিন্তু প্রতিপক্ষের লোকজন জমি দখলের চেষ্টা করছে এবং আমার পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দিচ্ছে। আমার স্ত্রীকেও মারধর করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু বিচার এবং পরিবারের জানমালের নিরাপত্তা চাই।”
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতে মামলা চলমান থাকায় এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন তাঁরা।
মতামত