সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে শহরের বিভিন্ন এলাকার বাড়িঘর। গতকাল স্থানীয় সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর শহরের উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের উৎস বা সুনির্দিষ্ট স্থান শনাক্ত করা যায়নি। এ ঘটনার কয়েক মিনিটের মধ্যেই সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদ অঞ্চল লক্ষ্য করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বংস করেছে। এর আগে একই অঞ্চলের দিকে ছোড়া আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছিল জোটটি। এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, আকাশপথে হামলার আশঙ্কা দেখা দিলে সাধারণত মোবাইল ফোনে যে আগাম সতর্কবার্তা পাঠানো হয়, বিস্ফোরণের আগে তেমন কোনো বার্তা দেওয়া হয়নি। রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা জানান, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত বিকট। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই এমন বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন তারা।
এএফপির একজন সাংবাদিকও বিস্ফোরণের তীব্রতার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, বিস্ফোরণের অভিঘাতে তার বাড়ির দরজাগুলো খুলে যায়। এ সময় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। -এএফপিএদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েমেন সীমান্তসংলগ্ন দেশটির দক্ষিণাঞ্চলের জাজান, নাজরান ও খামিস মুশাইত এলাকায় আগাম সতর্কতা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও তেল স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এর মধ্যেই রিয়াদে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটল। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্ম থেকে ইয়েমেনের সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ। -এএফপি
মতামত