গাজীপুরের টঙ্গী শিলমুন এলাকায় সেফ-ফ্যাশন ওয়াশিং কারখানার কালো ধোঁয়ায় শ্বাসকষ্টসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়ছে শিলমুন আবদুল হাকিম মাস্টার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে ব্যাহত হচ্ছে পাঠদান। দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করার পরও উল্লেখযোগ্য ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া গাজীপুর পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ দূষণরোধে ব্যবস্থা না নেওয়ায় এর ভয়াবহতা বেড়েই চলছে। শিক্ষার্থী সামিয়া, মিম ও আরিয়ানসহ কয়েকজন জানান, বিদ্যালয়ের পাশে থাকা ওই কারখানার কালো ধোঁয়া প্রবেশ করার ফলে একদিকে পাঠদান ব্যাহত অন্যদিকে শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়ছে। মাঝেমধ্যে কারখানার ঝুটের বয়লার থেকে এতটাই কালো ধোঁয়া বের হয় মনে হয় পাশের বাড়িতে কিংবা কোনো কারখানায় আগুন লেগেছে। সবমিলিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সবাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব-উদ্দীন বলেন, ‘কারখানার কালো ধোঁয়ার কারণে শিক্ষক-শিক্ষার্থীরা অনেক কষ্ট করছে। এতে শিক্ষার্থীরাও ক্ষুব্ধ হয়ে উঠেছে। এ বিষয়ে কারখানাকে বলা হয়েছে। তারা কিছুদিন সময় চেয়েছে।’
এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. নাহিদ বলেন, ‘বিদ্যালয়ে যাতে কালো ধোঁয়া না যায় সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আশা করি, দুই সপ্তাহের মধ্যে এর সমাধান হয়ে যাবে।’
মতামত