রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে আটক করা হয় বলে মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য। এ ছাড়া তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নবোদয় হাউজিংয়ের ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় শামীমকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে ১৪ বোতল ‘কফ সিরাপ’ এবং এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাতে আরও জানানো হয়েছে, গোলাম রব্বানী শামীম মোবাইল ফোনের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং দলটির ঝটিকা মিছিল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যেই তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশ উল্লেখ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
মতামত