দেশের শীর্ষ পিঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় দেখা দিয়েছে নজিরবিহীন দরপতন। অন্যান্য বছর সেপ্টেম্বর থেকে নভেম্বরে প্রতি মণ পিঁয়াজ ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হলেও বর্তমানে তা নেমেছে মাত্র ৯০০ থেকে ১ হাজর ২০০ টাকায়। সুজানগর, সাঁথিয়ার বনগ্রাম ও হাজিরহাট ঘুরে দেখা গেছে, পুরোনো পিঁয়াজের অতিরিক্ত সরবরাহ এবং নতুন মুড়িকাটা পিঁয়াজ ওঠার আগে বাজারে হঠাৎ ধস নেমেছে। চড়া সুদে ঋণ নিয়ে ও কষ্ট করে মজুত করা পিঁয়াজ বিক্রি করতে না পেরে মাথায় হাত পড়েছে চাষি ও ব্যবসায়ীদের। কৃষক আলমগীর হোসেন বলেন, উৎপাদন ও সংরক্ষণ খরচ অনেক হলেও ১ হাজার ১০০ টাকা মণ দরে পিঁয়াজ বিক্রি করতে হচ্ছে। অপর কৃষক আবুল মোল্লা আশঙ্কা করেন, আর ২০-২৫ দিন পর নতুন পিঁয়াজ বাজারে এলে দাম ৬০০-৭০০ টাকায় নেমে পুঁজি হারাতে পারেন চাষিরা। কৃষি বিভাগের তথ্যমতে, এবার পাবনায় ৫৪ হাজার হেক্টর জমিতে ১০ লাখ টন পিঁয়াজ উৎপাদিত হয়েছে। যার মধ্যে জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত ছিল ৪ লাখ টন।
সেপ্টেম্বর-অক্টোবরে কৃষকদের ঘর ও কৃষি বিপণন অধিদপ্তরের ৩০০টি সংরক্ষণাগারে প্রায় ১ লাখ টন পিঁয়াজ মজুত ছিল। কৃষকদের বড় ধরনের আর্থিক লোকসান থেকে রক্ষা করতে অবিলম্বে বিদেশে পিঁয়াজ রপ্তানির নতুন বাজার খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক।
মতামত