কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টাকালে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে জেলের ছদ্মবেশে থাকা দুই সন্দেহভাজন চোরাকারবারি নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যায়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে টেকনাফের জাদিমোড়া পোস্ট সংলগ্ন কেওড়া বাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচারের তথ্য পায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
পরে ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল বিআরএম-১০ থেকে প্রায় ৯০০ গজ পূর্বদিকে জাদিমোড়া পোস্ট সংলগ্ন কেওড়া বাগানে কৌশলগত অবস্থান নেয়।
এ সময় মিয়ানমার থেকে ছোট নৌকায় জেলের ছদ্মবেশে দুই ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা।
নৌকাটি নাফ নদীর বাংলাদেশ অংশের তীরে পৌঁছালে বিজিবির আভিযানিক দল তাদের ধাওয়া করে।
একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা সঙ্গে থাকা জাল ফেলে নৌকাযোগে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া জাল তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
দেশ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সীমান্ত এলাকায় বিজিবির মাদকবিরোধী কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত