কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরের মাছ আকস্মিকভাবে মরে যাওয়ার অভিযোগ করেছেন ইদ্রিস মিয়া নামে এক মৎস্য চাষি। উপজেলার ১নং বাগমারা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর জয়কামতা এলাকায় ঈদগাহ সংলগ্ন তাঁর পুকুরে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৫ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ইদ্রিস মিয়ার দাবি, ঘটনার দিন ফজরের আজানের সময় তিনি নিজে পুকুরপাড়ে উপস্থিত ছিলেন। তখন পুকুরের মাছগুলো সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক ও সচল অবস্থায় দেখতে পান। কিন্তু ফজরের আজানের পর বাড়িতে যাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে সকাল ৮টার দিকে খবর পান, তাঁর পুকুরের মাছগুলো মরে যাচ্ছে।
পরে ঘটনাস্থলে গিয়ে তিন থেকে ছয় ইঞ্চি আকারের ছোট মাছগুলোর এমন অবস্থা দেখে তিনি বিস্মিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর ধারণা, পুকুরের মাছগুলো আকস্মিকভাবে মরে যাওয়ার পেছনে কোনো রহস্য থাকতে পারে।
ইদ্রিস মিয়া আরও অভিযোগ করেন, পূর্বের বিরোধ, ঝগড়াঝাঁটি এবং আদালতে মামলা বিচারাধীন থাকার বিষয়কে কেন্দ্র করে কোনো কুচক্রী মহল পরিকল্পিতভাবে পুকুরের মাছের ক্ষতি করে থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণের কথা উল্লেখ করেননি।
তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
অভিযোগকারী: ইদ্রিস মিয়া পেশা: মৎস্য চাষি
ঠিকানা: উত্তর জয়কামতা, লালমাই, কুমিল্লা।
মতামত