গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রবেশপথে তার ও বাঁশের রেলিং নির্মাণসহ বিভিন্ন কাজের জন্য প্রায় ৮০ লাখ টাকার বিল জমা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হানিফ এন্টারপ্রাইজ। তবে এসব কাজের চুক্তিপত্র বা কার্যাদেশের কোনো নথি সংরক্ষিত অবস্থায় পাওয়া যাচ্ছে না।
এ অবস্থায় বিলের যথার্থতা ও কাজ সম্পাদনের প্রক্রিয়া যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।
কমিটিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, কাজ সম্পাদনের প্রক্রিয়া এবং দাখিল করা বিল পর্যালোচনা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জাদুঘর-সংশ্লিষ্ট নথিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়। শুরুর দিকে জাতীয় জাদুঘর থেকে অতিরিক্ত দায়িত্ব প্রদানের মাধ্যমে জনবল দিয়ে জাদুঘরের কার্যক্রম পরিচালনা করা হতো।
এ সময় জাদুঘরের সম্মুখভাগে জরুরি ভিত্তিতে অস্থায়ী টিকিট কাউন্টারের লাইন ও শেড নির্মাণসহ বিভিন্ন কাজের জন্য মেসার্স হানিফ এন্টারপ্রাইজ প্রায় ৮০ লাখ টাকার বিল জমা দেয়।
গত ১২ অক্টোবর অনুষ্ঠিত জাদুঘর পরিষদের সভার সিদ্ধান্তের (অনুচ্ছেদ ৫.২) আলোকে প্রতিষ্ঠানটির দাখিল করা বিলের যথার্থতা নিরূপণ করা প্রয়োজন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একাধিক বিল দাখিল করেছে। তবে কার্যাদেশ পাওয়ার পর কাজ সম্পাদনের নিয়ম থাকলেও এ ক্ষেত্রে কোনো চুক্তিপত্র বা কার্যাদেশপত্র সংরক্ষিত নথিতে পাওয়া যাচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনআরও পড়ুনঅসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী
এ পরিস্থিতিতে বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পরিচালককে। সদস্য হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব পর্যায়ের প্রতিনিধি, বাংলা একাডেমির একজন প্রকৌশলী প্রতিনিধি এবং জাদুঘরের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুল হক। সদস্যসচিব করা হয়েছে জাদুঘরের সংরক্ষণ হিসাবরক্ষণ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অরুণ কুমার রায়কে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, জাদুঘরের প্রবেশপথে অস্থায়ী বাঁশের রেলিং তৈরির কাজে মেসার্স হানিফ এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি, কাজ সম্পাদনের প্রক্রিয়া এবং দাখিল করা বিল পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করতে হবে।
মতামত