কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের আলোচিত যুবলীগ নেতা আবদুল হান্নান ওরফে সাব্বিরকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ডিউটি অফিসার এসআই মাহমুদা আক্তার। আটক আবদুল হান্নান ওরফে সাব্বির চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের কর্তাম গ্রামের আবদুর রউফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুনবতী এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে আতঙ্ক সৃষ্টি করতো।
অভিযোগ রয়েছে, তিনি নিজস্ব একটি বাহিনী গড়ে তুলে এলাকায় প্রভাব বিস্তার করতেন এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করেছিলেন। বিশেষ করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনায় তার নাম আলোচনায় আসে।
এলাকাবাসীর অভিযোগ, তুচ্ছ ঘটনা কিংবা বিভিন্ন বিরোধকে কেন্দ্র করে সাধারণ মানুষকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করতেন তিনি। তার প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পেতেন না। ফলে দীর্ঘদিন ধরে গুনবতী এলাকার সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে আতঙ্ক বিরাজ করছিল বলে স্থানীয়দের দাবি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পরিবর্তন হলে সাব্বির এলাকা ছেড়ে ফেনীতে আশ্রয় নেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি আবারও আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার নিয়মিত রাজনৈতিক পোস্ট ও কার্যক্রম নজরে আসে।
এসব তথ্যের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশ তাকে খুঁজছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শুক্রবার রাতে ফেনী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর গুনবতী ইউনিয়নের স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগীদের বক্তব্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মতামত