দেশে হৃদরোগ পুনর্বাসন (কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন) ব্যবস্থাকে শক্তিশালী, সাশ্রয়ী এবং তৃণমূল পর্যায়ে সহজলভ্য করার লক্ষ্যে এক উচ্চপর্যায়ের স্টেকহোল্ডার সভা বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (BUHS) "অ্যাফোর্ডেবল কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন: অ্যান আউটরিচ ইন্টার-ডিসিপ্লিনারি স্ট্র্যাটেজিক স্টাডি – বাংলাদেশ প্রজেক্ট (ACROSS-BD)" শীর্ষক এই সভার আয়োজন করে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সভায় দেশের শীর্ষস্থানীয় গবেষক, চিকিৎসক, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত। দেশে অসংক্রামক রোগের (NCD) ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশের জন্যই অসংক্রামক রোগ দায়ী, যার মধ্যে হৃদরোগ অন্যতম প্রধান কারণ।"
প্রতিমন্ত্রী আশ্বাস দেন যে, সরকার একটি আন্তর্জাতিক মানের, সাশ্রয়ী এবং স্থানীয়ভাবে কার্যকর কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল বাস্তবায়নে সর্বোচ্চ নীতি ও কাঠামোগত সহায়তা প্রদান করবে। তিনি আরও জোর দিয়ে বলেন, গবেষণার ফলাফল কেবল ল্যাবরেটরি বা জার্নালে সীমাবদ্ধ না রেখে, এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
মূল প্রবন্ধ ও মডেলের রূপরেখা
BUHS-এর উপাচার্য অধ্যাপক জে. এম. এ. হান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ (Keynote Presentation) উপস্থাপন করেন যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের পপুলেশন হেলথ রিসার্চের অধ্যাপক ও ACROSS প্রজেক্টের কো-চিফ ইনভেস্টিগেটর অধ্যাপক রড এস টেইলর এবং পাকিস্তানের জিয়াউদ্দিন ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ও প্রকল্পের কো-চিফ ইনভেস্টিগেটর অধ্যাপক ইমরান বি. চৌধুরী।
উপস্থাপনায় হৃদরোগ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের জন্য একটি সাশ্রয়ী, সাংস্কৃতিকভাবে উপযোগী এবং হোম-বেইজড (বাসা থেকে পরিচালিত) কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই মডেলে রোগীদের মানসিক স্বাস্থ্য সহায়তাকেও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
ন্যাশনাল প্রফেসর ডা. এ কে আজাদ খান (সভাপতি, BADAS)
অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন (সভাপতি, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি)
অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী (উপাচার্য, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি)
বক্তারা হৃদরোগ ব্যবস্থাপনায় বহুমুখী পারস্পরিক সহযোগিতা এবং একটি কার্যকর পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আন্তর্জাতিক অংশীদারিত্ব ও অর্থায়ন
ACROSS-BD প্রজেক্টটি যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ (NIHR)-এর অর্থায়নে পরিচালিত একটি পাঁচ বছর মেয়াদি আন্তর্জাতিক গবেষণা কর্মসূচি এটি।
যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় (University of Glasgow) এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় (University of Manchester) বাংলাদেশ বাস্তবায়নকারী সংস্থা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (BUHS)।
ক্লিনিক্যাল ট্রায়াল সেন্টার: বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।
আন্তর্জাতিক সহযোগী হিসেবে আছেন পাকিস্তানের জিয়াউদ্দিন ইউনিভার্সিটি হাসপাতাল এবং পাকিস্তান ইনস্টিটিউট অব লিভিং অ্যান্ড লার্নিং (PILL)।
এসময় বিশেষজ্ঞরা বলেন,এই স্টেকহোল্ডার সভাটি দেশের জাতীয় স্বাস্থ্য অগ্রাধিকারের সাথে প্রকল্পের লক্ষ্যকে সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে হৃদরোগীদের জন্য একটি টেকসই ও সাশ্রয়ী পুনর্বাসন নীতিমালা প্রণয়ন সহজতর হবে।
মতামত