নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের রাতভর মাদকবিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত জেলার মান্দা, নওগাঁ সদর ও বদলগাছী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের প্রথম পর্যায়ে মান্দা উপজেলার রঘুনাথপুর গ্রামের আরিফ হোসেনের (৩০) বাড়িতে তল্লাশি চালানো হয়। রোববার ভোর ৫টার দিকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাঁর বসতঘরের একটি স্টিলের ট্রাংক থেকে চার কেজি করে পাঁচটি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার কুমাইগাড়ী এলাকায় ফারুক হোসেনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে মোশাররফ (৩৩) নামের এক ব্যক্তির বসতঘরের চৌকির নিচে বাজারের ব্যাগে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে মোশাররফের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে বদলগাছী উপজেলার নিহিনপুর গ্রামে শিলং (২৩) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তাঁর শয়নকক্ষ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই অভিযানে শিলংয়ের সহযোগী হিসেবে আরাফাত (২৩) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
এভাবে তিনটি পৃথক অভিযানে মোট ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মতামত