কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে মানবপাচার চক্রের অন্যতম হোতা হিসেবে অভিযুক্ত মো. কবির ওরফে ডাক্তার কবির, তাঁর সহযোগী ইলিয়াস ওরফে ইলিয়াস মেম্বার এবং হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি আবু তৈয়বকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অপরাধে ১০ জনকে দণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত ১৬ এপিবিএনের আওতাধীন টেকনাফের বিভিন্ন ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এতে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের মোট ১০৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার
১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একাধিক মানবপাচার মামলার আসামি মো. কবির ওরফে ডাক্তার কবির (৬৫) এবং তাঁর সহযোগী মো. ইলিয়াস ওরফে ইলিয়াস মেম্বারকে (৪২) গ্রেপ্তার করা হয়। তাঁরা টেকনাফের লেদা ক্যাম্প-২৪ এলাকায় বসবাস করতেন বলে জানানো হয়েছে।
অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে বাংলাদেশি ও রোহিঙ্গাদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে পাঠানো একটি নৌযান আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ডুবে যাওয়ার ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
ওই ঘটনায় ড্রাম ও কাঠের টুকরো ধরে ভাসতে থাকা কয়েকজনকে কোস্টগার্ড উদ্ধার করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ ঘটনায় তাঁদের দায় আদালতে প্রমাণিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
**হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার**
অভিযানের আরেক পর্যায়ে হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আবু তৈয়ব (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলায় তিনটি ওয়ারেন্ট ছিল বলে ১৬ এপিবিএনের তথ্যে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে একটি মামলায় তাঁর চার বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে।
**মোবাইল কোর্টে দণ্ডিত ১০ জন**
অভিযান চলাকালে সরকারি আদেশ অমান্য, মাদক সেবন, বাবা-মাকে মারধর এবং ক্যাম্পে অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
তাঁদের মধ্যে তিনজনকে ছয় মাস, একজনকে পাঁচ মাস এবং দুজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চারজনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
পাশাপাশি রিকল মূলে একটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।
সব মিলিয়ে গ্রেপ্তার ও মোবাইল কোর্টের দণ্ডসহ মোট ১৩ জনকে আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ১৬ এপিবিএনের প্রতিবেদনে জানানো হয়।
মতামত