আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৬নং ঘোলপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব আশ্রাফুল ইসলাম ইমরান (লিটন) মতবিনিময় সভা করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামচন্দ্রপুর-কেন্ডা গ্রামের ভোটারদের নিয়ে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। আশ্রাফুল ইসলাম ইমরান লিটন নেক্সিন বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ও আইসিএল গ্রুপের পরিচালক। তিনি একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক।
বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং এমএ রশিদ ইমরানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে আশ্রাফুল ইসলাম ইমরান লিটন বলেন, “২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোলপাশা ইউনিয়নের ১০টি কেন্দ্রের মধ্যে চারটিতে আমি প্রথম হয়েছিলাম। আমার দাবি, সব কেন্দ্র মিলিয়ে সর্বোচ্চসংখ্যক ভোট পেলেও কারচুপি ও ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে পরাজিত দেখানো হয়েছিল।”
তিনি আরও বলেন, গত ১৫ বছরে ঘোলপাশা ইউনিয়নে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এলাকায় মাদকের বিস্তারও একটি বড় সমস্যা। আসন্ন নির্বাচনে এলাকাবাসী তাঁর পক্ষে কাজ করলে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচিত হলে ঘোলপাশা ইউনিয়নের সব গ্রামকে মাদক ও বেকারত্বমুক্ত করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন, কোমল্লা গ্রামের আবদুল কাদের, কেন্ডা গ্রামের কৃতি সন্তান ও ইউনিয়ন পরিষদ সদস্য গিয়াস উদ্দিন মিন্টু, আবুল খায়ের, কোমল্লা গ্রামের বিশিষ্ট ব্যাংকার মো. মামুন চৌধুরী এবং কেন্ডা গ্রামের মাওলানা মুফতি ইমতিয়াজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. হানিফ, মো. মোস্তফা, বাচ্চু মিয়া, প্রফেসর মো. এয়াছিনসহ সহস্রাধিক এলাকাবাসী।
মতামত