অনলাইন জুয়া, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টে কারাদণ্ড
কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ১৭ জনকে আটক করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অনলাইন জুয়া, সরকারি আদেশ অমান্য, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ এপিবিএনের দেওয়া ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, রোববার বেলা আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে ১৬ এপিবিএনের আওতাধীন সব ক্যাম্প এলাকায় একযোগে এ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের মোট ৯০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন জুয়া, সরকারি আদেশ অমান্য, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে আটক করা হয়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের মধ্যে ১৩ জনকে ছয় মাস করে, একজনকে চার মাস, দুজনকে তিন মাস করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া একটি রিকল মূলে একটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে বলে ইনসিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়।
১৬ এপিবিএন জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত