জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতন্ত্রের লড়াই জোরদারের আহ্বান
‘শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় ঐক্যের বিকল্প নেই’ আলহাজ্ব এনামুল হক
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন):- জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রেরণা উল্লেখ করে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ এনামুল হক। তিনি বলেন, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করতে হলে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার সিস্টেম কমপ্লেক্সের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি নূরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি প্রফেসর এস এম মনজুর, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. পিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জালাল আহমদ সিকদার, সাংগঠনিক সম্পাদক এম. নুরুল আমিন, উপজেলা মহিলা দলের সভাপতি খালেছা বেগমসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ এনামুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ভোটাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে। গণতন্ত্রবিরোধী যেকোনো অপশক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কেবল স্মরণ করার বিষয় নয়, এটি বাস্তবায়নের অঙ্গীকার। জনগণের আস্থা ও অংশগ্রহণের ভিত্তিতে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে বিএনপির নেতাকর্মীদের সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে থাকতে হবে।
মতামত