উখিয়ায় র্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ,
সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ এর অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকারসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাব-১৫ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল প্রায় ১১টা ৫৫ মিনিটে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রূপপতি এলাকার মেরিন ড্রাইভ সড়কে বিজিবি চেকপোস্টের প্রায় ১০০ গজ উত্তরে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে চালক গাড়ির ড্রাইভিং সিটের নিচে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. রায়হান (২৭)। তিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অলিয়াবাদ গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় উদ্ধার হওয়া ইয়াবা ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত