রাজবাড়ীর কালুখালীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, ফিড চুরির সময় দুর্ঘটনায় মৃত্যুর ধারণা
আক্কাস আলী খান দ, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোল্ট্রি ফিড চুরির সময় ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও মোঃ সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামারে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত জসিম শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের মৃত বিশু শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা চুরির চেষ্টা করেন জসিম। এ সময় ভারী ফিডের বস্তা তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলের আলামত সংগ্রহ করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
মতামত