সার ও ভোজ্যতেল পাচার করে ফেরার পথে সাড়ে ১২ লাখ টাকাসহ দুই পাচারকারী আটক
সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে ফেরার পথে নগদ প্রায় সাড়ে ১২ লাখ টাকাসহ দুই কথিত পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক দুজনের মধ্যে একজন রোহিঙ্গা এবং অপরজন স্থানীয় বাসিন্দা।
রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তের গুইল্লাখালী পয়েন্ট এলাকায় টহল পরিচালনার সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২৫) এবং পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আজিম উদ্দিনের ছেলে আবছার উদ্দিন (২৮)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের চোরাপথ ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে সার ও ভোজ্যতেল পাচার করে বাংলাদেশি টাকা নিয়ে ফেরার সময় বিজিবির টহল দল তাদের আটক করে।
তিনি আরও জানান, আটকের পর তাদের দেহ তল্লাশি করে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অর্থ পাচারকাজের সঙ্গে সংশ্লিষ্ট।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
মতামত