বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা কমিটির অনুমোদন
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান এবং সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকারের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে কক্সবাজার জেলা শাখার জন্য প্রাথমিকভাবে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল হোসাইন-কে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির অনুমোদন উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী পেশা। সত্য, ন্যায় ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কক্সবাজার জেলা কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং জেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করবে।
কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান বলেন, “বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সবসময় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, কক্সবাজার জেলা কমিটি সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ অনুসরণ করে সাংবাদিকদের কল্যাণ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং জনস্বার্থে নির্ভীক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার বলেন, “সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত উন্নয়ন নিশ্চিত করা, নৈতিক সাংবাদিকতার বিকাশ এবং গণমাধ্যমের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে নবগঠিত কমিটি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।
এ সময় কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কক্সবাজার জেলা কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তারা সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং দেশ ও জনগণের কল্যাণে সত্যনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক নুরুল হোসাইন কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা সংগঠনের গঠনতন্ত্র ও আদর্শ অনুসরণ করে কক্সবাজার জেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবকে আরও শক্তিশালী, কার্যকর ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে এগিয়ে নিতে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
মতামত