কন্যার বিয়েতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মো. কলিমপ্রচলিত ‘বাড়া,প্রথা বর্জন করে পেলেন সর্বমহলের প্রশংসা
এস কে জাফর আলম
টেকনাফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার
বর্তমান সময়ে অনেক বিয়ের অনুষ্ঠান যখন অপ্রয়োজনীয় জাঁকজমক, অতিরিক্ত ব্যয় এবং সামাজিক প্রথার চাপে ভারাক্রান্ত হয়ে পড়ছে, ঠিক তখনই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার বাসিন্দা, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. কলিম।
গত ২৭ জুন ২০২৬, লম্বরী বিচ এলাকার নিজ বাড়িতে তাঁর কন্যা সুমাইয়া কলি রিমঝিমের সঙ্গে টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের শুভ বিবাহ সম্পন্ন হয়। বর মো. জাহাঙ্গীর আলম স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হকের পুত্র।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১১টা ০১ মিনিটে প্রীতিভোজ এবং দুপুর ২টা ০১ মিনিটে বরযাত্রীর আগমনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল প্রচলিত ‘বাডা’ (টাকা উত্তোলনের) প্রথা সম্পূর্ণভাবে বর্জন করা। এর পরিবর্তে অতিথিদের আন্তরিক আপ্যায়ন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং সামাজিক সম্প্রীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। মো. কলিমের এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত অতিথি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে।
স্থানীয়দের মতে, বর্তমানে অনেক বিয়ে সামাজিক মর্যাদার প্রতিযোগিতা কিংবা অর্থ সংগ্রহের উপলক্ষ হয়ে উঠলেও মো. কলিমের এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিয়েছে। তিনি প্রমাণ করেছেন, একটি বিয়ের প্রকৃত সৌন্দর্য ব্যয়বহুল আয়োজনে নয়; বরং আন্তরিকতা, মানবিকতা, পারস্পরিক সম্মান ও ভালোবাসায় নিহিত।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসাইন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার, এসএসসি-৯৮ ব্যাচের মোহাম্মদ আলী ও জাহাঙ্গীর আলম, সাংবাদিক আমান উল্লাহ, আফতাব হোসেন আশিক, আনোয়ার হোসেন, এসকে জাফর আলম, সোলতান আহমদ, নাফ পেপার বিতানের প্রোপ্রাইটর আব্দুল গনি, আব্বাস উদ্দিন, মোস্তফা সাগর মাসুদসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
সামাজিক সচেতন মহলের অভিমত, অপ্রয়োজনীয় সামাজিক প্রথা পরিহার করে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও অনেক পরিবার এমন উদ্যোগ গ্রহণে উৎসাহিত হবে।
মতামত