সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প
দারিদ্র্য, প্রতিকূলতা ও জীবনের কঠিন বাস্তবতাকে জয় করে উচ্চশিক্ষা অর্জনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন টেকনাফের কৃতি সন্তান জান্নাতুল ফেরদৌস। পিতৃহীন অবস্থায় শৈশব কাটিয়েও তিনি থেমে যাননি; বরং অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও শিক্ষার প্রতি গভীর অনুরাগের মাধ্যমে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।
জান্নাতুল ফেরদৌস ১৯৯৮ সালের ১০ জানুয়ারি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাট মোরা পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম রশিদ আহমদ এবং মাতা সামশুন নাহার। শৈশবেই বাবাকে হারিয়ে জীবনের কঠিন সংগ্রামের মুখোমুখি হন তিনি। বাবার স্নেহ ও আশ্রয়হীন অবস্থায় বেড়ে উঠলেও কখনো ভেঙে পড়েননি।
শিক্ষার প্রতি প্রবল আগ্রহ থেকেই তাঁর শিক্ষাজীবনের সূচনা হয় হ্নীলা আল-ফালাহ একাডেমিতে। সেখান থেকে সফলভাবে এসএসসি পাস করার পর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন কক্সবাজার সিটি কলেজে। পরবর্তীতে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি, ডিগ্রি এবং মাস্টার্স সম্পন্ন করেন।
তবে এই সাফল্যের পথ ছিল কাঁটায় ভরা। আর্থিক সংকট ছিল তাঁর নিত্যসঙ্গী। অনেক সময় বই কেনা, পরীক্ষার ফরম পূরণ কিংবা শিক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় ব্যয় মেটানোও হয়ে উঠত কঠিন। কিন্তু কোনো বাধাই তাঁর স্বপ্নের পথে প্রতিবন্ধক হতে পারেনি।
নিজের শিক্ষার ব্যয় নির্বাহ এবং পরিবারের প্রয়োজন মেটাতে দীর্ঘ ৬ থেকে ৭ বছর বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)-তে চাকরি করেছেন তিনি। চাকরির দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছেন। নিজের উপার্জিত অর্থ দিয়েই বহন করেছেন শিক্ষাজীবনের সকল ব্যয়।
জান্নাতুল ফেরদৌসের এই দীর্ঘ পথচলায় ছিল অসংখ্য ত্যাগ, নির্ঘুম রাত, নীরব কষ্ট এবং সীমাহীন ধৈর্য। তবুও তিনি কখনো হাল ছাড়েননি। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে গেছেন লক্ষ্যের দিকে।
বর্তমানে মাস্টার্স ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজের স্বপ্ন পূরণ করেননি, বরং সমাজের অসংখ্য তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই অর্জন প্রমাণ করে—পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, দৃঢ় মনোবল, পরিশ্রম এবং শিক্ষার প্রতি আন্তরিকতা থাকলে সফলতা অর্জন সম্ভব।
স্থানীয় সচেতন মহল মনে করেন, জান্নাতুল ফেরদৌসের জীবন সংগ্রাম ও সাফল্যের গল্প সমাজের তরুণ প্রজন্মকে শিক্ষা ও আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, পুরো এলাকার জন্যও গর্বের বিষয়।
মতামত