বহুমাত্রিক প্রতিভার অধিকারী তাসমিনা জেবিন (ফ্লোরা)
মো: মফিদুল ইসলাম সরকার:- ব্যাংকিং, সাহিত্য, সাংবাদিকতা, আবৃত্তি, উপস্থাপনা এবং সমাজসেবাসহ নানা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন তাসমিনা জেবিন (ফ্লোরা)। তিনি বর্তমানে যমুনা ব্যাংক পিএলসি-এর আইসিসিডি (ICCD), প্রধান কার্যালয়, ঢাকায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০২ সাল থেকে তিনি যমুনা ব্যাংকে কর্মরত রয়েছেন এবং দক্ষতা ও সততার সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যাংকিং পেশায় অবদান রেখে চলেছেন।
রাজশাহীতে জন্ম ও শিক্ষাজীবন সম্পন্ন করা তাসমিনা জেবিনের পৈতৃক নিবাস সিরাজগঞ্জের কাজীপুরে এবং মাতুলালয় পঞ্চগড়ে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। তাঁর স্বামীও একজন ব্যাংকার।
পেশাগত দায়িত্বের পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি সুপরিচিত মুখ। কবি, লেখিকা, বাচিক শিল্পী, সাংবাদিক ও উপস্থাপিকা হিসেবে তিনি কয়েক হাজার অনুষ্ঠান, টকশো, আবৃত্তি ও সাংস্কৃতিক আয়োজন সঞ্চালনা করেছেন। তাঁর দুটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং একটি একক গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।
সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি সমানভাবে সক্রিয়। তিনি ইতোমধ্যে ১৭ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন। অবসর সময়ে তিনি সমাজসেবা, ভ্রমণ, বইপড়া এবং লেখালেখিতে সময় ব্যয় করেন।
তাসমিনা জেবিন বর্তমানে বিভিন্ন জাতীয় ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছে— অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশের মহিলা বিষয়ক সম্পাদক, এন্টি সুইসাইডাল স্কোয়াডের চিফ অ্যাডভাইজার, কবিতা মঞ্চের সাধারণ সম্পাদক, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য, ভাবনা প্রকাশ সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক, গোল্ডেন সাহিত্য পরিষদের উপদেষ্টা, জাতীয় পোয়েটস ক্লাবের সদস্য, পিডিপি (পথকলি ডেভেলপমেন্ট প্রজেক্ট)-এর সদস্য, জাতীয় সাহিত্য অধিদপ্তর চাই-এর সদস্য, আমাদের মুক্তকণ্ঠ সংবাদ চ্যানেলের উপদেষ্টা, মানুষের কল্যাণে প্রতিদিন-এর সাংস্কৃতিক সম্পাদিকা, বিডি সোশ্যাল নিউজের সোশ্যাল করেসপন্ডেন্ট এবং রঙে ভরা লেখক-পাঠক ফোরাম (রঙ-লেপা)-এর সাধারণ সম্পাদক।
এছাড়াও তিনি প্রায় ৬৫টি সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক গ্রুপ ও পেজের অ্যাডমিন বা এডিটর প্যানেলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তিনি বিভিন্ন সময় বহু সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন।
তাসমিনা জেবিন (ফ্লোরা) মনে করেন, সমাজের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে কাজ করা উচিত। তাঁর বহুমাত্রিক কর্মপ্রচেষ্টা ও সামাজিক দায়বদ্ধতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
মতামত