বোরো বাম্পার ফলনেও হাসি নেই পাইকগাছার কৃষকের
এফ এম এ রাজ্জাক পাইকগাছা (খুলনা):খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে নেই স্বস্তির হাসি। মাঠজুড়ে সোনালী ধানের দোলন থাকলেও একদিকে ঘন ঘন কালবৈশাখী ঝড়, অন্যদিকে তীব্র শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর পাইকগাছার ১০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোট ৬ হাজার ১৭ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। শুরুতে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও আবহাওয়া অনুকূল থাকা এবং সঠিক পরিচর্যার ফলে ধানের ফলন আশানুরূপ হয়েছে।
তবে সম্প্রতি একাধিকবার কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক ক্ষেতের ধান গাছ নুয়ে পড়েছে। কোথাও কোথাও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হয়ে গ্রামীণ কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ধান পরিবহনেও দেখা দিয়েছে বড় বাধা।
এদিকে একই সময়ে ধান পেকে যাওয়ায় এলাকায় তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। স্থানীয় কৃষক আব্দুর সালাম সানা জানান, যুবকদের বড় একটি অংশ গার্মেন্টস ও ইটভাটায় কাজ নেওয়ায় কৃষি শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে চড়া দামে শ্রমিক আনতে হচ্ছে। প্রতি হেক্টর জমির ধান কেটে বাড়িতে আনতে অতিরিক্ত খরচ গুণতে হচ্ছে।
আরেক কৃষক মোমিনুল জিয়ারা বলেন, উৎপাদন খরচ বাড়লেও ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। বৃষ্টির হাত থেকে ফসল রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে রাখতে হচ্ছে ধান, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে খড়ও।
তিনি আরও বলেন, “সব ক্ষেতের ধান একসাথে পেকেছে, কিন্তু কাটার মানুষ নেই। প্রতিদিন আকাশের দিকে তাকালে ভয় লাগে।”
পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে অধিকাংশ মাঠের কাজ সম্পন্ন হবে। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকরা খড়ের ভালো দাম পাওয়ায় বোরো চাষে আগ্রহ বেড়েছে। দ্রুত ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে।
তবে স্থানীয় কৃষকদের দাবি, দুর্যোগপ্রবণ এই সময়ে সরকারি উদ্যোগে কম্বাইন হারভেস্টর সহজলভ্য করা গেলে শ্রমিক সংকট ও প্রাকৃতিক ঝুঁকি অনেকটাই কমে আসত।
মতামত