পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউএনও রাকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জয়নুল আবেদীন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেল শাখার নবনির্বাচিত সভাপতি আসফাকুল আসেকিন, সাধারণ সম্পাদক মোহা: আব্দুর রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন দল অংশ গ্রহণ করেন।
নক আউট পদ্ধতিতে এ খেলায় বালক বিভাগে সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও নিতপুর কুশুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং বালিকা বিভাগে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও শিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশ গ্রহণ করবেন। এছাড়াও সোমবার বিকালে একই মাঠে খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে এবং পুরস্কার বিতরণ করা হবে। #
মতামত