ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন
মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের মদনপুর থেকে বস্তল এর মাঝামাঝি হাতুরাপাড়া এলাকায় নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী, সাধারণ জনগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে হাতুরাপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বর্তমানে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে। এ চলমান উন্নয়ন কাজের সাথেই যদি একটি আন্ডারপাস নির্মাণ করা হয়, তাহলে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।
তারা বলেন, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান, মামুন, বিদ্যুৎ, কাসেম, মনির, সুরুজ মিয়া, ইসমাইল, গোলজার, ইব্রাহিম, ইসরাফিল, মুজিবুর রহমান, আব্দুল কাসেম, আবু সাইদ, দুলাল, মুসা, সমির আলী, আক্কাস ও সাত্তারসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, উন্নয়ন কাজ শেষ হওয়ার আগেই আন্ডারপাস নির্মাণ করা হলে পরবর্তীতে জনগণের দুর্ভোগ কমবে এবং নিরাপদ পারাপার নিশ্চিত হবে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
মতামত