দেশে আর ‘মব কালচার’ বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
দাবি-দাওয়া আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনও সুযোগ দেওয়া হবে না বলেও তিনি জানান।
সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে। নাগরিকরা মিছিল-সমাবেশ করতে পারবেন এবং মত প্রকাশের অধিকার ভোগ করবেন। তবে মব সৃষ্টি করে জনভোগান্তি তৈরি বা জননিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই শুধু পুলিশ—এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। অথচ এ মন্ত্রণালয়ের অধীনে আরও বিভিন্ন সংস্থা কাজ করে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এবং অতীতে যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে তা পুনরুদ্ধার করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করে সালাহ উদ্দিন আহমদ বলেন, সর্বস্তরে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনও ধরনের অবৈধ তদবির সহ্য করা হবে না।
বাহিনীর কোনও সদস্য অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মতামত