১৪ বছর পর ইতিহাসের প্রতিধ্বনি : সংসদের সেই চ্যালেঞ্জ থেকে রাজপথের বাস্তবতা
আজ থেকে প্রায় ১৪ বছর আগে জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় ও অহংকারী কণ্ঠে বলেছিলেন—বিএনপির সিনিয়র নেতা তারেক রহমানের রাজনীতি শেষ। তিনি নাকি আর কখনো দেশে ফিরতে পারবেন না, রাজনীতি করার অধিকারও নেই। সংসদের সেই বক্তব্যে ছিল ব্যক্তিগত আক্রমণ ও গালমন্দ।
কিন্তু ঠিক সেই সংসদেই, শেখ হাসিনার চোখে চোখ রেখে পাল্টা জবাব দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন
“It is the reality—তারেক রহমান ফেরত আসবেন। And you will see more of Tarique Rahman.
তারেক রহমান রাজনীতি করার অধিকার রাখেন কি না, তা জনগণ ঠিক করবে—যেদিন তিনি বাংলাদেশে নামবেন। সেদিনই দেখা যাবে তিনি রাজনীতি করতে পারেন কি না।”
সময় গড়িয়েছে।
আজ সেই বক্তব্যই ইতিহাসের সত্য হিসেবে প্রতিষ্ঠিত।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন শেষে তারেক রহমান দেশে ফিরে এসেছেন। তাঁর প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে দেখা গেছে গণমানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও অভ্যর্থনা। লক্ষ লক্ষ মানুষ তাঁকে বরণ করে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বর্ণিল অধ্যায় হয়ে থাকবে।
দেশের যেখানেই তারেক রহমান যাচ্ছেন,
‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল বাসকে ঘিরে হাজার হাজার মানুষ হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন। বাসের পিছু পিছু ছুটছে তরুণ প্রজন্ম—জেনজিরা।
এরই ধারাবাহিকতায় আজ বরিশালে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় মঞ্চে বসা অবস্থায় বক্তব্য দিতে ডাকা হয় আন্দালিভ রহমান পার্থকে। মাইক্রোফোনে দাঁড়িয়ে তিনি দীর্ঘ বক্তৃতা না করে সংক্ষেপে স্মরণ করেন ১৪ বছর আগের সেই সংসদীয় মুহূর্তের কথা। এরপর তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন
“আলহামদুলিল্লাহ, তারেক রহমান আজ দেশে ফিরে এসেছেন।”
বক্তব্যের শেষ অংশে পার্থ ভোলাবাসীর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তিনি বলেন, বরিশাল–ভোলা সেতু এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে এই সেতু নির্মাণ যেন অগ্রাধিকার পায়—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বক্তব্য শেষে তারেক রহমান নিজে পার্থকে কাছে ডেকে নেন। দু’জনকে বেশ কিছুক্ষণ আলোচনা করতে দেখা যায়। উপস্থিতদের ধারণা, আলোচনার মূল বিষয় ছিল বরিশাল–ভোলা সেতু প্রকল্প।
সময় অনেককে মুছে ফেলতে চেয়েছিল।
কিন্তু ইতিহাস কিছু নামকে মুছে না দিয়ে,
ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখে।