টেকনাফে নামাজরত শাশুড়িকে দায়ের কোপে হত্যা, ঘাতক পুত্রবধূ আটক
টেকনাফ প্রতিনিধি: সোলতান আহমদ।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গুচ্ছ গ্রামে নামাজরত অবস্থায় শাশুড়িকে দায়ের কোপে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত নারী ছেনোয়ারা বেগমকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ৩০শে জানুয়ারি ২০২৬ ইং বিকাল নিজ বাড়িতে নামাজ আদায় করছিলেন বৃদ্ধা শাশুড়ি। এ সময় পারিবারিক কলহের জেরে পুত্রবধূ সেনোয়ারা হঠাৎ দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে এলাকাবাসী অভিযুক্ত সেনোয়ারাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।