রাসায়নিক কীটনাশক ব্যবহারে প্রাণ–প্রকৃতি হুমকির মুখে।
সৌরভ সাহা, হরিরামপুর, (মানিকগঞ্জ) প্রতিনিধি ।
২১ জানুয়ারি ২০২৬।
অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে প্রাণ–প্রকৃতি ও মানবস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে-এমন উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদ ও শিক্ষাবিদরা।
প্রাণ -প্রকৃতি সুরক্ষিত রাখি, কীটনাশকে না বলি প্রতিপাদ্যে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা গ্রীন কোয়ালিশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাসায়নিক সার ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা প্রাকৃতিক দৃশ্য অঙ্কন, বক্তব্য ও উপস্থাপনার মাধ্যমে রাসায়নিক সার ও কীটনাশকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।
শিক্ষার্থীরা নিজেদের মতামতের ভিত্তিতে রাসায়নিক সার ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব বিষয়ে প্রতিবেদন তৈরি করে তা উপস্থাপন করে।
শিক্ষার্থীদের উপস্থাপনার পর আলোচনা সভায় বক্তব্য রাখেন দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শেরআলী, সহকারী শিক্ষক শাহানা আক্তার, হরিরামপুর উপজেলা সবুজ সংহতি কমিটির সদস্য বাপ্পি খান এবং বারসিকের প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা।
উপস্থিত বক্তারা বলেন, রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে এবং জমির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। চাষাবাদে রাসায়নিকের ব্যবহার বাড়ার ফলে পাখি, মৌমাছি, ব্যাঙসহ উপকারী পোকামাকড় ও প্রাণবৈচিত্র্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। একই সঙ্গে গবাদিপশু ও পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে।
তারা আরও বলেন, কৃষকরা অনেক ক্ষেত্রে অসচেতনভাবে ও ভুল পদ্ধতিতে কীটনাশক ব্যবহার করায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি শিশু ও শিক্ষার্থীরা রং মেশানো খাবার ও মেয়াদোত্তীর্ণ (ডেটবিহীন) খাদ্য গ্রহণের ফলে দীর্ঘমেয়াদি রোগ ও নানা শারীরিক সমস্যায় ভুগছে।
বক্তারা এসব ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সকলের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণ–প্রকৃতি রক্ষা করা সম্ভব। প্রাণ ও প্রকৃতি রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।