কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ জামায়াতের আইনজীবী গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ জামায়াতে ইসলামীর এক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মাসুদুল হক মাসুদ (৫১)। তিনি জামায়াতে ইসলাম সমর্থিত কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সহিদুল্লাহর জুনিয়র হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ কে এম এমদাদুল হক মামুনের ছোট ভাই বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ সদর থানার একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আদর্শ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ অবৈধ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
এদিকে, এ গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।