নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণা জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এই কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।
সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে। এরপর পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার মহোদয় ডিসেম্বর ২০২৫ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য ও চৌকস দায়িত্ব পালনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন। পাশাপাশি পিআরএল (PRL)-এ গমনকারী ০৪ জন পুলিশ সদস্যের দীর্ঘ ও নিষ্ঠাবান কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ বিদায়ী সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন পুলিশ সুপার মহোদয়। এ লক্ষ্যে সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল), জনাব মোঃ গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল)সহ জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট থেকে আগত পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ।