কুমিল্লার চৌদ্দগ্রামে অটোরিকশার দখলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
অবৈধ স্ট্যান্ডে বাড়ছে যানজট, জনদুর্ভোগ চরমে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক অংশে অবৈধভাবে অটোরিকশার চলাচল ও স্ট্যান্ড গড়ে ওঠায় চরম যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়ক দখল করে এসব অটোরিকশা যত্রতত্র যাত্রী ওঠানামা করায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও দূরপাল্লার যানবাহনের চালকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মহাসড়কের ওপরই অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। ফলে ব্যস্ত এই মহাসড়কে যানবাহনের গতি ব্যাহত হচ্ছে এবং প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচল আইনত নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। এতে করে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং বলেন চৌদ্দগ্রামে নিয়মিতভাবে বিষয়টি নজরদারিতে রাখছে। অবৈধ অটোরিকশা চলাচল ও স্ট্যান্ড উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অভিযান জোরদার করা হবে এবং ভবিষ্যতে কেউ অবৈধভাবে মহাসড়ক দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহল মনে করছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাবে।