হাওরাঞ্চল মদনে মাদক ছড়িয়ে পড়ায় উদ্বেগ, কঠোর অভিযানের দাবি স্থানীয়দের
মোঃ রাসেল আহমেদ,মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওরবেষ্টিত উপজেলা মদনে দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে ইয়াবাসহ বিভিন্ন মাদকের অবাধ ক্রয়-বিক্রয়। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে থাকা এই উপজেলায় মাদক এখন একটি বড় সামাজিক সমস্যায় রূপ নিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নজরদারি ও ধারাবাহিক অভিযানের অভাবে মাদক কারবারিরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
গত বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে অনুসন্ধান চালিয়ে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মাদকের বিস্তার সম্পর্কে উদ্বেগজনক চিত্র উঠে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, মদন পৌরসভার মদন বাজার, ইমদাদপুর ব্রিজ এলাকা, দেওয়ান বাজারের বিভিন্ন অলিগলি, কদমতলী বাজার, কুলিয়াটি সকাল বাজার, মদন গুচ্ছগ্রাম, নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রাম, চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রাম, মাঘান ইউনিয়নের নয়াপাড়া, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশ্ববর্তী এলাকা এবং ফতেপুর ইউনিয়নের ধানকুনিয়া ব্রিজসহ অন্তত ২০টির বেশি স্থানে নিয়মিত ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যের কেনাবেচা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, কিছু এলাকায় দিনের বেলাতেই মাদক পাওয়া যায়। সবাই জানলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করলে হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তারা।
আরেক বাসিন্দা বলেন,
“মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। তবে বেশিরভাগ সময় ছোট বিক্রেতারা ধরা পড়ে, মূল কারবারিরা আগেই খবর পেয়ে সরে যায়।”
স্থানীয়দের অভিযোগ, অভিযানের আগেই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় বড় মাদক ব্যবসায়ীরা বারবার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ বলেন,
“মদন উপজেলায় মাদকের বিস্তার অত্যন্ত উদ্বেগজনক। এটি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি—মাদকের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান চালানো হোক। মদন উপজেলা বিএনপি সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে।”
এ প্রসঙ্গে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
“মাদকের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ সুনির্দিষ্ট তথ্য দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সচেতন মহলের মতে, শুধু অভিযান চালালেই মাদক নির্মূল সম্ভব নয়। মাদক কারবারিদের পেছনের পৃষ্ঠপোষকদের শনাক্ত করা, তথ্য ফাঁস বন্ধ করা, নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মদন উপজেলাকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করবেন।