দাবি আদায় না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ
নিজস্ব প্রতিবেদক :
দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি। দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধের হুমকি দেওয়া হয়।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশ্যে এক নোটিশ জারি করে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। নোটিশে জানানো হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে।
এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মানা হলে বিক্রি পুনরায় শুরু হবে। অন্যথায় বিক্রি বন্ধ থাকবে।”
এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ কর্মসূচির ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে এলপিজির মূল্য নিয়ে সাম্প্রতিক ‘নৈরাজ্যের’ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে এলপিজি খাতে চরম সংকট চলছে। সংগঠনটির দাবি অনুযায়ী, দেশে ২৭টি কোম্পানির মাধ্যমে প্রায় সাড়ে ৫ কোটি এলপিজি সিলিন্ডার বাজারজাত করা হয়েছে। এর মধ্যে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডারে নিয়মিত গ্যাস রিফিল হচ্ছে। বাকি ৪ কোটি ২৫ লাখ সিলিন্ডার খালি পড়ে থাকায় পরিবেশকদের ব্যয় বেড়েছে, যা বাজারে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।
সেলিম খান বলেন, “বেশির ভাগ কোম্পানি কার্যত বন্ধ হয়ে আছে। ফলে পরিবেশকেরা দেউলিয়া হওয়ার পথে। প্রশাসনিক হয়রানি ও জরিমানায় ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে।”
সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে—পরিবেশক কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা নির্ধারণ, প্রশাসনিক জরিমানা ও হয়রানি বন্ধ এবং পরিবেশকদের সঙ্গে আলোচনা করে নতুন করে এলপিজির মূল্য সমন্বয়।
এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “এলপিজি পরিবেশকরা আমাদের লাইসেন্সধারী নয়। আইনগতভাবে তাদের দাবি সরাসরি বিবেচনার সুযোগ নেই। প্রস্তাব আসতে হবে লাইসেন্সধারী আমদানিকারকদের কাছ থেকে। তারা আবেদন করলে যাচাই-বাছাই শেষে গণশুনানি করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে, মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, “এলপিজি নিয়ে দেশে কোনো ঘাটতি নেই। বাজারে যে সংকট দেখা যাচ্ছে, তা মূলত কারসাজির ফল।” বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে বলেও জানান তিনি।
পরিবেশক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিইআরসি পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা না করেই এলপিজির মূল্য সমন্বয় করেছে। সংকট নিরসনের পরিবর্তে দাম নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আতঙ্ক তৈরি হওয়ায় অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
সংগঠনটি জানিয়েছে, দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে।