লালমাইয়ে ঘাটওয়াল নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, ইউএনওর নির্দেশ অমান্যের অভিযোগ
এস এম জহিরুল ইসলাম রাজু (নিজস্ব প্রতিবেদন )
কুমিল্লার লালমাই উপজেলা ৩নং ভূলইন উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হলদিয়া গ্রামে একটি পুকুরের ঘাটওয়াল নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর দাবি, প্রশাসনের নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হলদিয়া গ্রামের আবুল মিয়ার চায়ের দোকানের সামনে অবস্থিত আন্দি পুকুরের পূর্ব পাড়ে ঘাটওয়াল নির্মাণের অনুমোদন আসে আব্দুল মমিন মাস্টারের আবেদনের প্রেক্ষিতে। বর্তমান ইউপি সদস্য হাবিবুর রহমানের মাধ্যমে অনুমোদনের বিষয়টি কার্যকর হয়। গত ৫ জানুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে কাজ শুরু হলে গ্রামের প্রায় ৫০–৬০টি পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়।
গ্রামবাসীরা জানান, পুকুরের পূর্ব পাশের রাস্তায় সর্বোচ্চ ৩–৪টি পরিবার চলাচল করে, অথচ উত্তর পাশের রাস্তা দিয়ে নিয়মিত ৫০–৬০টি পরিবার যাতায়াত করে। তাই জনস্বার্থ বিবেচনায় ঘাটওয়ালটি উত্তর পাড়ে নির্মাণ করা জরুরি বলে তারা মত দেন। এ নিয়ে একপর্যায়ে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিক এসএম জহিরুল ইসলাম রাজু ও সাংবাদিক রোকেয়া আক্তার রুবিসহ চেরুমিয়া, দেলোয়ার হোসেন, জুয়েল রানা, বাবুল মিয়াসহ আরও কয়েকজন গ্রামবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে যান। ইউএনও বিষয়টি শুনে একটি লিখিত আবেদন দিতে বলেন, যা পরবর্তীতে ইউএনও ম্যাডামের কাছে জমা দেওয়া হয়।
আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে লোক পাঠিয়ে কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।
তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের লোক চলে যাওয়ার পর ইউপি সদস্য হাবিবুর রহমান ও আবু তাহের রনি পুনরায় কাজ শুরু করেন। গ্রামবাসীদের অভিযোগ, আবু তাহের রনি এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট না হয়েও ঘটনাস্থলে এসে গ্রামের মানুষকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং হাতে দা নিয়ে ঘোরাফেরা করেন। এতে গ্রামের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একাধিকবার উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ইউএনও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান কবিরকে ঘটনাস্থলে পাঠান। বিকেল আনুমানিক ৪টার দিকে চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছালে সেখানে শতাধিক মানুষ জড়ো হয়।
চেয়ারম্যানের উপস্থিতিতে আলোচনা হলেও গ্রামবাসীরা আবু তাহের রনির আচরণের বিচার দাবি করেন। চেয়ারম্যান আবু তাহের রনিকে ডেকে আনার জন্য ইউপি সদস্য হাবিবুর রহমানকে পাঠান। তবে অভিযোগ অনুযায়ী, চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষা করে আবু তাহের রনি ঘটনাস্থল ত্যাগ করেন।
চেয়ারম্যান গ্রামবাসীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করলেও বর্তমানে গ্রামে এখনও উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে একজন সাংবাদিক হিসেবে উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে, উদ্ভূত পরিস্থিতি প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত মীমাংসা করা এখন অত্যন্ত জরুরি।