গাইবান্ধায় গাছ কাটার সময় ভেঙে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।
মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘুনাথপুর গ্রামে গাছ কাটার সময় গাছ ভেঙে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘুনাথপুর গ্রামের ফরিদ মিয়ার দুই কন্যা ফিহামনি ১১ ও জান্নাতি খাতুন ২ বছর বয়সী।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী মধু মিয়া ও মতিয়ার মিয়ার একটি বড় চাগুয়ার গাছ কাটার সময় হঠাৎ গাছ ভেঙে পড়ে। এ সময় গাছটির নিচে থাকা দুই শিশু চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
গাছটির মালিক খামার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা মোঃ মতিয়ার রহমান (৩৮) ও মোঃ মধু মিয়া (৫০) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাছটি আকস্মিকভাবে ভেঙে পড়ায় শিশু দুটির সরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি একটি দুর্ঘটনা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুদের পরিবারে নেমে এসেছে গভীর শোক। পুরো গ্রামে বিরাজ করছে শোকের সায়া। শিশু দুটির অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।