বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এ বি ছিদ্দিক হাওলাদার এবং সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়ার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে গত ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। এর মধ্য দিয়ে কিশোরগঞ্জ জেলায় ফার্মেসী পেশাজীবীদের সংগঠিত ও শক্তিশালী করার নতুন অধ্যায় সূচিত হলো।
নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম অধিবেশন ও আলোচনা সভা আজ কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কার্যালয়ে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার ফার্মেসী পেশাজীবীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ উল্লাহ (সালামত) এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনকে সংগঠনের সহ-সভাপতিগণ ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং সংগঠনের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম. এ. হানিফ, নয়ন দেবনাথ, মোঃ গোলাপ মিয়া, আল-আমিন, আমিনুল ইসলাম, মুনমুনসহ অন্যান্য যুগ্ম আহ্বায়কবৃন্দ। এছাড়াও সদস্য সেলিম জাবেদসহ নবগঠিত আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
এছাড়া কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন দীর্ঘদিন ধরে দেশের ফার্মেসী পেশাজীবীদের অধিকার সংরক্ষণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং ওষুধ ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বাস্থ্যখাতে দক্ষ ও নৈতিক ফার্মেসী পেশাজীবীদের অবদান অপরিসীম বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে ফার্মেসী পেশাজীবীরা নানামুখী সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সংকট মোকাবিলায় সংগঠনের শক্তিশালী নেতৃত্ব ও ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। নবগঠিত এই আহ্বায়ক কমিটির মাধ্যমে কিশোরগঞ্জ জেলায় ফার্মেসী পেশাজীবীদের অধিকার আদায়ে নতুন গতি সঞ্চার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ উল্লাহ (সালামত) তাঁর বক্তব্যে বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে ফার্মেসী পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মানোন্নয়ন এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে।”
সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “কিশোরগঞ্জ জেলা শাখাকে একটি সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপান্তরিত করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। নিয়মিত সভা, প্রশিক্ষণ কার্যক্রম এবং পেশাগত সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ফার্মেসী পেশাজীবীদের দক্ষতা ও মর্যাদা বৃদ্ধি করা হবে।”
সভা শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ঐক্য, শৃঙ্খলা ও সংগঠনের আদর্শকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা শাখাকে একটি শক্তিশালী ও জনবান্ধব সংগঠনে পরিণত করা হবে।