মানুষের জীবনে ধর্ম কেন প্রয়োজন
মোহাম্মদ মোশাররফ হোসেন
মানুষের জীবনে এমন কিছু প্রশ্ন থাকে, যেগুলো কমবেশি আমাদের সবার মনে ঘুরপাক খায়। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর না জানার কারণেই পৃথিবীর কিছু মানুষ নিজেদের অতিরিক্ত শিক্ষিত মনে করে ধর্মকে অবিশ্বাস করা শুরু করে। বিশেষ করে যারা বিজ্ঞানকে অগ্রাধিকার দেয়, তাদের কাছে ধর্মের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হলে বিজ্ঞানীদের বক্তব্য দিয়েই শুরু করা যুক্তিযুক্ত।
এ বিষয়ে বিভিন্ন বিজ্ঞানী, দার্শনিক ও মনোবিজ্ঞানীর ধারণা আমরা তাঁদের লেখায় ও বক্তব্যে দেখতে পাই।
আধুনিক পদার্থবিজ্ঞানের জনক আলবার্ট আইনস্টাইন বলেছেন—
“ধর্ম ছাড়া বিজ্ঞান খোঁড়া, আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ।”
তিনি সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করতেন।
পদার্থবিজ্ঞানের আরেক জনক আইজ্যাক নিউটন বলেছেন—
এই নিখুঁত নিয়ম ও শৃঙ্খলা অবশ্যই একজন বুদ্ধিমান স্রষ্টার অস্তিত্বের প্রমাণ।
এভাবেই আরও অনেক বিজ্ঞানীর মতামত হলো—এই পৃথিবী ও মহাবিশ্বের এত সুন্দর ও সুবিন্যস্ত সৃষ্টি প্রমাণ করে, একজন স্রষ্টা অবশ্যই আছেন।
ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছেন—
ধর্ম ও বিজ্ঞান—উভয়ই স্রষ্টার প্রতি বিশ্বাসের প্রয়োজনীয়তা স্বীকার করে।
বিজ্ঞান যত গভীরে প্রবেশ করে, ততই একজন সর্বশক্তিমান সত্তার অস্তিত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে।
আর একটি বাক্য চিরন্তন সত্য—
কোনো কিছু নিজে নিজে সৃষ্টি হতে পারে না।
এই সত্য কুরআনেও স্পষ্টভাবে উল্লেখ আছে—
“আল্লাহ সম্পর্কে কি কোনো সন্দেহ আছে—যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন?”
(সূরা ইবরাহীম: ১০)
যদি আমরা বিশ্বাস করি যে আমাদের একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তাহলে আমাদের এটাও বিশ্বাস করতে হবে যে এই সৃষ্টির পেছনে তাঁর একটি উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যই হলো—তাঁর প্রদত্ত ধর্ম।
ধর্ম মানুষের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে দেয়। আমরা যদি একটু চিন্তা করি—আমরা কি এই দুনিয়াতে কেবল খাওয়া, ঘুম, ভোগ-বিলাসের জন্য এসেছি? নাকি স্রষ্টার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে? কারণ কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না।
কুরআনে আল্লাহ তায়ালা বলেন—
“আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য।”
অর্থাৎ স্রষ্টার সৃষ্টির উদ্দেশ্যই হলো তাঁর ইবাদত করা। এই ইবাদতের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সাধিত হয়। আর এই ইবাদত শুধু শারীরিক নয়—ধন-সম্পদের মাধ্যমেও ইবাদত হয়।
আল্লাহ তায়ালার ইবাদতের মাধ্যমে একজন মানুষ দুনিয়াতেও শান্তি প্রতিষ্ঠা করতে পারে। যেমন—
হারাম থেকে বেঁচে থাকলে মানুষ অনৈতিক কাজে লিপ্ত হতে পারে না।
নিয়মিত নামাজ আদায় করলে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে থাকা সহজ হয়।
নিয়মিত দান-সদকা করলে অন্তর পরিষ্কার হয় এবং মানুষের দারিদ্র্য দূর হয়।
রোজা রাখার মাধ্যমে আত্মসংযম, আত্মিক ও মানসিক শান্তি অর্জিত হয়, পাশাপাশি ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুভব করা যায়।
আর যখন মানুষের মনে এই বিশ্বাস দৃঢ় হয় যে তাকে একদিন জবাবদিহি করতে হবে, তখন সে আর স্রষ্টার আদেশের বিপরীতে কাজ করতে পারে না। এমনকি যখন এই বিশ্বাস থাকে যে—আমার স্রষ্টা আমাকে দেখছেন—তখন মানুষ গোপনেও অন্যায় করতে ভয় পায়।
ধর্ম আমাদের শেখায়—সব কিছুর পেছনেই হিকমত বা প্রজ্ঞা আছে এবং আল্লাহ তায়ালার ওপর ভরসা করতে হয়। ধর্ম মানুষকে মৃত্যুর পরের জীবনের প্রস্তুতির শিক্ষা দেয়, যার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জিত হয়।
শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো,মিশর