ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং ২৪'র জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতা শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে সাধারণ মানুষের ব্যানারে শহরের শিবদিঘি এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য দেন ছাত্র সমন্বয়ক তারেক মাহমুদ ও হাবিব, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা সাব্বির হোসেন, এনসিপির ডা. শাহজাহান আলী এবং গণ-অধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুনসহ আরও অনেকে।
বক্তারা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়ে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন—এ ধরনের সন্ত্রাসী আক্রমণ গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।