**টেকনাফে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবি
নাফ নদী সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার**
কামরুল ইসলাম, বিশেষ,,প্রতিনিধি
তারিখ: ০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার
দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আবারও সফল অভিযান পরিচালনা করেছে। আজ শনিবার ভোরে নাফ নদী সংলগ্ন নতুন সুইচগেট এলাকায় পরিচালিত অভিযানে কাদা-মাটির নিচে লুকানো ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমারের মংডু এলাকা থেকে একটি বড় ইয়াবার চালান নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করতে পারে। তথ্যের পরিপ্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নির্দেশে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়।
পরিকল্পনা অনুযায়ী ভোর আনুমানিক ০৫:০০টার দিকে বেড়িবাঁধ ও কেওড়া বাগান এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এক পর্যায়ে ইয়াবা কারবারিদের সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করা গেলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে দীর্ঘ তল্লাশির মাধ্যমে কেওড়া বাগানের কাদা-মাটির নিচে লুকিয়ে রাখা ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, পলাতক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,
“রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচারসহ সব ধরনের অপরাধ দমনে আমাদের কঠোর মনোভাব ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।