বিরলে ডিও ছাড়াই সার বিক্রি: মেসার্স কাজল এন্ড ব্রাদার্সকে ৩০ হাজার টাকা জরিমানা
মোঃ সেলিম রেজা,
বিরল (দিনাজপুর)।
দিনাজপুরের বিরল উপজেলায় ডিও (ডেলিভারি অর্ডার) ছাড়া সার ক্রয়-বিক্রয়ের অভিযোগে মেসার্স কাজল এন্ড ব্রাদার্স নামের একটি সার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ।
অভিযানের সময় ডিও ছাড়াই সার বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ বলেন, কৃষক যেন ন্যায্যমূল্যে সঠিক সময়ে সার পেতে পারে, সে জন্য সরকারের নির্ধারিত নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করতে হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আরও জানান, কৃষি মৌসুমে যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে সার বিক্রি করতে না পারে, সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হবে।