লালমাইয়ে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান
(নিজস্ব প্রতিবেদক)
লালমাই, ২৩ নভেম্বর ২০২৫:
লালমাই উপজেলা পরিষদ ভবনের সামনে রবিবার সকাল ১১টায় খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখা এবং টিও লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, লালমাই উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান-এর কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি সচিব বরাবর প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের নতুন এক অধ্যাদেশের মাধ্যমে সার বিক্রেতাদের পাইলটিং কার্যক্রম স্থগিত করা হয়েছে, যা সারাদেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতার জীবিকা ও ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করা বিক্রেতারা জানান, এটি তাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে এবং পরিবার-পরিজন নিয়ে তারা চরম হতাশায় ভুগছেন।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, খুচরা সার বিক্রেতারা দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তারা ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করে ব্যবসা পরিচালনা করেন এবং চাষ মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় সার বাকিতে সরবরাহ করে থাকেন। কৃষক পর্যায়ে ৩০-৪০ লাখ টাকা পর্যন্ত পুঁজি বিনিয়োগ করে তারা কৃষকদের দোরগোড়ায় সেবা দিয়ে আসছেন।
এছাড়া, সরকার অনুমোদিত স্ট্যাম্প চুক্তিপত্র, ৩০ হাজার টাকা জামানত প্রদান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসারের স্বাক্ষরিত আইডি কার্ডের মাধ্যমে তারা বৈধভাবে সার বিক্রয় কার্যক্রম পরিচালনা করেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
অতএব, নতুন অধ্যাদেশ বাতিল করে পূর্বের ন্যায় খুচরা সার বিক্রেতাদের ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণকালে উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বলেন,
“আপনাদের দাবিকৃত স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কোনও নির্দেশনা এলে আপনাদের অবহিত করা হবে।”