সেকেন্ডের ব্যবধানে ২ ভূমিকম্প
সাড়ে ৭ ঘণ্টা পর তিনবার ভূমিকম্পের ঝাঁকুনি উৎপত্তিস্থল ঢাকা ও নরসিংদী ক্ষতি নিরূপণের নির্দেশনা মন্ত্রণালয়ের রাফির লাশ দাফন, ছেলেকে দেখে আবার হাসপাতালে মা
২৩ নভেম্বর ২০২৫ ,রবিবার ,৬:২১ পূর্বাহ্ণ
মোহাম্মদ হাসনাত ওয়াহিদ (চট্টগ্রাম) স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কম ভূমিকম্পপ্রবণ দেশ হলেও ঝুঁকির দিক দিয়ে খুব উপরে রয়েছে। যে পরিমাণ শক্তি ইন্ডিয়ান–বার্মা প্লেটের সংযোগস্থলে জমা হয়ে আছে, সেই শক্তিটা যদি বের হয়, তাহলে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে। এটা আগামীকালও হতে পারে, ৫০ বছর পরেও হতে পারে। কখন হবে, সেটা আমরা বলতে পারি না। তবে যেটা হবে সেটা খুব মারাত্মক হবে। সাবডাকশন জোনের ভূমিকম্প ভয়ঙ্কর হয়।
ঢাবিতে হুড়োহুড়িতে আহত ৬ : দেশে তৃতীয় দফায় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার ভূকম্পনের সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শামসুন্নাহার হলে তিনজন, কুয়েত মৈত্রী হলে একজন, বেগম রোকেয়া হলে একজন ও মাস্টারদা সূর্যসেন হলে একজন আহত হন। এর মধ্যে পাঁচজনই ছাত্রী।
ছেলেকে দেখে আবার হাসপাতালে মা : ঢাকায় ভয়াবহ ভূমিকম্পে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির লাশ গ্রামের বাড়ি বগুড়ায় দাফন করা হয়েছে। একই ঘটনায় আহত নিহতের মা আছেন হাসপাতালে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৭২ ঘণ্টার আগে রাফির মৃত্যুর খবর তার মাকে জানানো যাবে না কথা থাকলেও লাশ বেশি সময় রাখা না যাওয়ায় ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর শেষবার ছেলের মুখ দেখে তাকে আবার হাসপাতালে পাঠানো হয়।
গতকাল বাদ জোহর বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাফির জানাজা হয়; পরে বাদ আছর তাকে দাফন করা হয় বলে জানান রাফির মামা নাইহান ইসলাম। এর আগে শুক্রবার সকালে রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে একটি ভবনের নিচতলায় মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন রাফি ও তার মা। ১০টা ৩৮ মিনিটে হঠাৎ ভূমিকম্প শুরু হয়। ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে দোকানের সামনে থাকা ক্রেতাদের ওপর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হন ২২ বছর বয়সি রাফিউল ও তার মা নুসরাত। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাফিউলকে মৃত ঘোষণা করেন। আর নুসরাত হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। রাফি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ক্ষতি নিরূপণের নির্দেশনা মন্ত্রণালয়ের : ঢাকাসহ সারা দেশে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক–ই–আজম। গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের ঘটনায় মন্ত্রণালয় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা। সেই সঙ্গে সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা দিয়েছেন।
ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে তা অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তাৎক্ষণিক একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যেখানে ০২৫৮৮১১৬৫১ নম্বরে ফোন করে যোগাযোগ করা যাবে। ভূমিকম্প নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধও জানিয়েছে মন্ত্রণালয়।