কুমিল্লা-১০ আসনে মনোনয়ন বঞ্চনায় নজির আহমেদের বিক্ষোভ–শোডাউন
কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার নাঙ্গলকোটে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ–শোডাউন করেছেন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূইয়া। আজ বুধবার সকালে নিজ বাড়ির সামনে থেকে তিনি প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল ও শতাধিক গাড়িবহর নিয়ে প্রতিবাদী শোডাউনের সূচনা করেন।
মনোনয়ন বঞ্চনার প্রতিবাদ জানাতে তিনি দলীয় চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু করেন। শোডাউনটি নাঙ্গলকোট ও লালমাইয়ের বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে শেষ হয়।
উদ্বোধনী বক্তব্যে নজির আহমেদ ভূইয়া অভিযোগ করেন—
দীর্ঘ রাজনৈতিক জীবনের পরও দল তাকে যথাযথ মূল্যায়ন করেনি। তিনি দাবি করেন, বর্তমান মনোনীত প্রার্থী এলাকায় তেমন কাজ করেন না এবং জনসম্পৃক্ততা কম। তবে তিনি আরও জানান, দলীয় উচ্চপর্যায়ে গ্রুপিং ও অন্তর্দ্বন্দ্ব দূরীকরণে উদ্যোগ নিলে তিনি ধানের শীষের পক্ষে কাজ করবেন।
এদিকে দলীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপি সম্প্রতি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি অনুমোদন দিয়েছে। তৃণমূলের গ্রহণযোগ্যতা ও সুপারিশের ভিত্তিতে সাবেক এমপি আলহাজ্ব আবদুল গফুর ভূইয়া এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এবং ইতোমধ্যে এলাকায় ভোটারদের সঙ্গে নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন।
আজকের বিক্ষোভ–শোডাউনে অংশ নেন বিভিন্ন ইউনিয়নের পদবঞ্চিত নেতাকর্মীরা।