কুমিল্লা উত্তর দুর্গাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া আক্তার বহিষ্কার
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর মহিলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোনিয়া আক্তারকে পদ থেকে বহিষ্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি)।
জানা গেছে, ইউনিয়ন পরিষদের নানা কার্যক্রমে অনাস্থা, দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে। সম্প্রতি যাচাই-বাছাই শেষে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের অনুমোদন দেয়।
বহিষ্কারের সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি পেয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে ইউনিয়ন পরিষদে চিঠিও প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, প্রকল্প বাস্তবায়ন, বরাদ্দ ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওঠে সোনিয়া আক্তারের বিরুদ্ধে। এই প্রেক্ষিতেই তাকে পদচ্যুত করা হলো।