সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই রিক হক সিকদারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের মালিকানাধীন ৮টি এয়ারক্রাফট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৯ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে মানিলন্ডারিং বিভাগের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এ আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে-বেনামে জনগণের আমানতের অর্থ আত্মসাৎ, ঘুষের বিনিময়ে বিধিবহির্ভূতভাবে ঋণ বিতরণ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে ছয় সদস্যের একটি যৌথ অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
অনুসন্ধানে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট সিকদার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন ব্যাংকে জনগণের আমানতের হাজার হাজার কোটি টাকা বিধিবহির্ভূতভাবে নামে-বেনামে ঋণ হিসেবে বিতরণের তথ্য পাওয়া গেছে। পরবর্তী সময়ে এসব অর্থ বিভিন্ন ধাপে (লেয়ারিং) স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করে আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটনের তথ্যও পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, জনগণের আত্মসাৎ করা অর্থ দিয়ে সিকদার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় রন হক সিকদার ও রিক হক সিকদারের মালিকানাধীন আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের মাধ্যমে এয়ারক্রাফট ও হেলিকপ্টারসংক্রান্ত ব্যবসা পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে উড়োজাহাজ পরিচালক হিসেবে নিবন্ধিত। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির চার্টার ফ্লাইট ও উড়োজাহাজ পরিচালনা কার্যক্রম রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, সিকদার গ্রুপের অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের মালিকানাধীন এয়ারক্রাফট ও হেলিকপ্টার গোপনে বিক্রির চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে এসব উড়োজাহাজ ও হেলিকপ্টার বিক্রি, স্থানান্তর বা হস্তান্তর করা হলে গুরুত্বপূর্ণ প্রমাণ ও সম্পদ শনাক্ত এবং পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।
এ অবস্থায় অনুসন্ধানের স্বার্থে এবং সম্পদ স্থানান্তর বা অপসারণ ঠেকাতে এয়ারক্রাফট ও হেলিকপ্টারগুলো ক্রোক করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে দুদক।