আন্তর্জাতিক যাত্রার ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের বালিয়ায় অনুষ্ঠিত হলো বিশেষ পাপেট (পুতুলনাট্য) কর্মশালা ও মনোমুগ্ধকর পাপেট শো। ‘অদৃশ্য গল্প’ নামের এই আয়োজনের অংশ হিসেবে ‘গিদরী বাউলী ফাউন্ডেশন অব আর্টস’-এর সঙ্গে যৌথভাবে কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। আয়োজনে সহযোগিতা করেছে ‘অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকা’।
পুতুলনাট্য ও সৃজনশীল গল্প বলার কৌশলকে ঘিরে এই বিশেষ কর্মশালা পরিচালিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের অর্জিত অভিজ্ঞতা ও সৃজনশীলতা দর্শকদের সামনে তুলে ধরতেই ২৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় বিশেষ পাপেট শো-এর আয়োজন করা হয়। এ বিষয়ে স্বাতী ভদ্র বলেন, ঢাকার যানজট ও অদৃশ্য ভূতের গল্প ফরাসি পাপেটিয়ার লরি কানাককে দারুণভাবে আকৃষ্ট করেছে। মূলত সেখান থেকেই বাংলাদেশের এসব বিষয় তুলে ধরতে তিনি এখানে এসেছেন।
বালিয়ার সোনাপাতিলায় অবস্থিত গিদরী বাউলী ফাউন্ডেশন অব আর্টস প্রাঙ্গণে আয়োজিত এ শোতে শিল্প, কল্পনা আর পুতুলের জাদুকরী গল্পে মেতে ওঠেন উপস্থিত দর্শকেরা। প্রাণবন্ত পরিবেশনায় সন্ধ্যাটি হয়ে ওঠে আনন্দময় ও উপভোগ্য।
গিদরী বাউলী ফাউন্ডেশন অব আর্টস-এর চেয়ারম্যান কামরুজ্জামান স্বাধীন এবং ফ্রান্সের পাপেটিয়ার লরি কানাক বলেন, “আপনাদের উপস্থিতিই আমাদের আয়োজনকে পূর্ণতা দিয়েছে। শিল্প ও কল্পনার এই যাত্রায় পাশে থাকার জন্য সকল দর্শকের প্রতি আন্তরিক ধন্যবাদ।”
ফাউন্ডেশনের সেক্রেটারি মো. জাকিরুল হক চৌধুরী সাহিদ উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফ্রান্সের পাপেটিয়ার লরির নেতৃত্বে একটি দল যে পরিবেশনাটি উপস্থাপন করেছে, তা সাজানো হয়েছিল আমাদের দেশের প্রকৃতিকে ঘিরে।
আয়োজনে অংশ নেওয়া পাপেটিয়ার ও থিয়েটারকর্মী ফরহাদ আহমেদ শামীম এই প্রজেক্টের সঙ্গে তাঁর সাড়ে তিন বছরের যাত্রার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “এই প্রজেক্টের জন্য আয়োজিত একটি কর্মশালার মাধ্যমেই মূলত আমার সংযুক্তি ও কাজের জন্য নির্বাচিত হওয়া। এটি আমাদের জন্য অনেক বড় একটি যাত্রা ছিল।”
নতুন ধারার এই থিয়েটার প্রসঙ্গে তিনি আরও বলেন, “এখানে অনেক ধরনের সামাজিক সচেতনতার বার্তা রয়েছে, যার মাধ্যমে সমাজের জন্য কিছুটা কাজ করার সৌভাগ্য আমাদের হয়েছে। যেহেতু এটি ‘বডি পাপেট থিয়েটার’—আমাদের বাংলাদেশে এ ধরনের কাজ খুবই কম, নেই বললেই চলে। আমার বিশ্বাস, গল্প বলার এই নতুন ধারা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নতুনভাবে নাড়া দেবে।”
প্রজেক্টটির দেশ-বিদেশের প্রদর্শনী প্রসঙ্গে ফরহাদ আহমেদ শামীম জানান, “আমাদের প্রথম শো হয়েছিল ঢাকার ধানমন্ডির অ্যালায়েন্স ফ্রঁসেজে। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম, খুলনা এবং ঢাকার দুটি স্কুলে আমরা শো করেছি। পরবর্তীতে ফ্রান্সের সাত-আটটি শহরে মোট ১৩ থেকে ১৪টি প্রদর্শনী করেছি।”