ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রোববার সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপে জোটগতভাবে অংশ নেওয়া–না নেওয়ার প্রশ্নে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যে মতভিন্নতা তৈরি হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) প্রথম দিনের সংলাপে নিবন্ধনের ক্রম অনুসারে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে জামায়াতে ইসলামী রোববার অংশ নেবে না। তারা পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে অংশ নিতে চায়।
অবশ্য তাদের জোটের শরিক এনসিপি ও এবি পার্টি আলাদাভাবে ইসির সংলাপে যাওয়ার পক্ষে। অন্যদিকে বিএনপি রোববারের বদলে আগামীকাল সোমবার সংলাপে অংশ নিতে চায় বলে ইসিকে জানিয়েছে। সে অনুযায়ী দলটি আগামীকাল সংলাপে অংশ নেবে।
পরপর তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে এই সংলাপে আমন্ত্রণ জানিয়েছে ইসি। নিবন্ধনের ক্রম অনুসারে দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার প্রথম দিনের সংলাপে নিবন্ধন তালিকার প্রথম দিকের ১৮টি দলকে, সোমবার পরের ১৯টি এবং এর পরদিন মঙ্গলবার আরও ১৮টি দলকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়।
প্রথম দিন সংলাপে আমন্ত্রিত দলগুলোর তালিকায় জামায়াতে ইসলামীসহ ১১–দলীয় ঐক্যভুক্ত তিনটি দলের নাম আছে। ইসি সূত্র জানায়, গত বৃহস্পতিবার জামায়াতের পক্ষ থেকে ইসি সচিব আখতার আহমেদকে ফোনে বলা হয়, ১১–দলীয় ঐক্যভুক্ত দলগুলো একসঙ্গে সংলাপে অংশ নিতে চায়। তখন এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়ার জন্য ইসির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত ইসি এ ধরনের কোনো চিঠি পায়নি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ১১–দলীয় ঐক্যের জন্য আলাদা সময় চাওয়া হয়েছে। সময় নির্ধারণ হলে ওই দিন সম্মিলিতভাবে ইসিতে যাবেন তাঁরা।
১১–দলীয় ঐক্যভুক্ত অন্য দলগুলোর মধ্যে নিবন্ধনের ক্রমানুসারে তিনটিকে সোমবার এবং এনসিপিসহ ৫টি দলকে পরদিন মঙ্গলবার সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াতসহ ১১-দলীয় ঐক্যের বেশির ভাগ দল চাইছে, ইসির সঙ্গে সংলাপ হবে জোটগতভাবে। তবে এনসিপি এককভাবেই সংলাপে যেতে চায়। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা মতবিনিময়ের পর এখন ইসির সংলাপে এনসিপির আলাদাভাবে যেতে চাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতির মধ্যে গত শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। ইসির সঙ্গে সংলাপে ১১ দলের শরিকেরা জোটবদ্ধভাবে যাবে, নাকি একা যাবে, সেটিই ছিল আলোচনার মূল বিষয়। বৈঠকে এনসিপি ও এবি পার্টি ছাড়া অন্য দলগুলো জোটগতভাবে ইসির সংলাপে যাওয়ার পক্ষে মত দেয়।
বৈঠকে এনসিপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য আরিফুল ইসলাম আদীব। তিনি প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশন আলাদাভাবে দলগুলোকে সংলাপে ডেকেছে। কিন্তু ১১-দলীয় ঐক্যের অধিকাংশ দল জোটগতভাবে সংলাপে যাওয়ার পক্ষে। জামায়াতসহ অন্য দলগুলোর পক্ষ থেকে এরই মধ্যে নির্বাচন কমিশনকে জোটগতভাবে সংলাপ করার আহ্বান মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু এখন সাপ্তাহিক ছুটি থাকায় কোনো উত্তর পাওয়া যায়নি। এনসিপির পক্ষ থেকে আমি বলেছি, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দলীয় অবস্থান জানানো হবে।’
১১–দলীয় ঐক্যভুক্ত এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু শনিবার প্রথম আলোকে বলেন, যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে ১১–দলীয় ঐক্যভুক্ত দলগুলো স্বতন্ত্রভাবে নির্বাচন করবে, সেহেতু নির্বাচন কমিশনের দেওয়া সূচি অনুযায়ী এবি পার্টি স্বতন্ত্রভাবে নির্বাচন কমিশনের সভায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১১ দলকে একসঙ্গে না ডাকলে নির্বাচন কমিশন সংলাপে না যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে এবি পার্টি একমত নয়।
সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে থাকে ইসি। সেখানে নির্বাচন ও এ–সংক্রান্ত আইন-বিধি নিয়ে দলগুলো নিজেদের বিভিন্ন প্রস্তাব, পরামর্শ, দাবি তুলে ধরে।
এবারের স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে নির্দলীয়। তবে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইতে এই সংলাপের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ইসি। অবশ্য নিবন্ধিত সব দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৫৯টি। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। তাই দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এর বাইরে ইসিতে নিবন্ধিত দলগুলোর মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হয়নি।
এবারের ইউপি নির্বাচন হবে পাঁচ ধাপে। আগামী ২১ জানুয়ারি হবে প্রথম ধাপের ভোট। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।
ইসি সচিব আখতার আহমেদ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বিএনপির সঙ্গে সংলাপ এক দিন পেছানো হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, তারা ১১-দলীয় ঐক্য একসঙ্গে সংলাপে আসতে চায়। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি তিনি পাননি। জামায়াতে ইসলামী রোববার সংলাপে অংশ নেবে কি না, এটা দলটির সিদ্ধান্তের বিষয়।
ইসি সচিব বলেন, ইসি সবার সহযোগিতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুষ্ঠু ও ভালো নির্বাচন করতে চায়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চাইতে মূলত এ সংলাপের আয়োজন করা হয়েছে।