মাদক ও অন্ধকার পথ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এবং ক্রীড়াঙ্গনে ফিরিয়ে আনতে সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো ‘পাথালিয়া আগুন বার ডে ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম বালুর মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
পুকুর ভরাট করে তৈরি করা এই নতুন বালুর মাঠটি স্থানীয় তরুণদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। বিকেল থেকেই মাঠের চারপাশে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও তরুণদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। একসময় যেসব তরুণ পথভ্রষ্ট হওয়ার ঝুঁকিতে ছিল, এই খেলার মাঠকে কেন্দ্র করে তারা আবারও সুস্থ ও স্বাভাবিক বিনোদনের পথে ফিরে এসেছে।
টুর্নামেন্টটির মূল উদ্যোক্তা ও আয়োজক পাথালিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান। তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং এলাকায় একটি সুস্থ ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে তিনি এই মহৎ উদ্যোগ গ্রহণ করেন।
আয়োজক ও স্থানীয়রা জানান, চারিগ্রামের এই বালুর মাঠটি এখন কেবল একটি খেলার জায়গা নয়, বরং এলাকার তরুণদের নতুন স্বপ্ন দেখার ঠিকানায় পরিণত হয়েছে। এমন আয়োজনের মাধ্যমে আগামীতেও এলাকার যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা হবে।