আসন্ন ৭নং বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলার ৬নং ওয়ার্ডের উন্দানিয়া, বাতাবাড়িয়া ও নিশ্চিন্তপুর গ্রামের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টায় উন্দানিয়া পূর্ব বিএসসি বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৭নং বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার উল্লাহ বিএসসি।
তিনি গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বৃহত্তর সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং রাবেয়া বিদ্যা নিকেতনের অধ্যক্ষ।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এম এ আবাদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। এ সময় উন্দানিয়া, বাতাবাড়িয়া ও নিশ্চিন্তপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার উল্লাহ বিএসসির সমর্থনে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন, ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ জাকির হোসেন মজুমদার, গ্রামের মুরুব্বি মোঃ মফিজুর রহমান, মোঃ বাবুল মজুমদার, মোঃ মোবারক হোসেন মজুমদার, মোঃ মোস্তফা প্রমুখ।
সভায় ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার উল্লাহ বিএসসি তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে লাকসাম কলেজ এবং বৃহত্তর লাকসামে ছাত্রদল প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবেন। তিনি জনগণের কাছে গিয়ে তাদের সমস্যা, চাহিদা ও সম্ভাবনার কথা শুনতে চান। তাঁর ভাষায়, ‘জনগণকে আমার কাছে আসতে হবে না, আমিই জনগণের কাছে যাবো।’
জনসেবা ও সুশাসনের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি-বেসরকারি উন্নয়ন কার্যক্রম এবং ইউনিয়ন পরিষদের সব ধরনের নাগরিক সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন। কোনো ধরনের ঘুষ, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই হবে তাঁর অগ্রাধিকার ইনশাআল্লাহ।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।
৭নং বেলঘর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উন্দানিয়া, বাতাবাড়িয়া ও নিশ্চিন্তপুর গ্রামের সর্বস্তরের জনগণ এ মতবিনিময় সভার আয়োজন করেন।